যশোরে হত্যা মামলার আসামি খুন

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৬:৫০

যশোরের রাজারহাটে সন্ত্রাসীদের হাতে হত্যা মামলার আসামি খুন হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত রাসেল (২৫) যশোরের শহরতলী মুড়লি খাঁপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে এবং যুবলীগ নেতা আলমগীর হত্যা মামলার আসামি।

 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বুধবার বিকেলে দুর্বৃত্তরা রাজারহাট এলাকায় রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ওসি আরো জানান, রাসেলের বিরুদ্ধে যুবলীগ নেতা আলমগীর হত্যাসহ অন্তত ৫টি মামলা রয়েছে। স্থানীয় সন্ত্রাসী চক্রের অভ্যন্তরীণ বিরোধের সূত্র ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।