সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে যুবলীগের নেতা নিয়াজ উদ্দীন নয়নকে খুন করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নিয়াজ উদ্দীন নয়ন বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের মহালংকা গ্রামের সালেহ আহমদের ছেলে।
জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামে মোল্লার দোকানের পাশে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী রেহান উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠকে যুবলগী নেতা নিয়াজ উদ্দীন নয়ন (২৮) অংশ গ্রহণ করেন। নয়ন বৈঠক শেষে বাড়ি ফেরার সময় সরকার দলীয় ১০-১৫ জনের অপর একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে ইসলাম গ্রুপের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই রাত সাড়ে ১০টায় মারা যান।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসলাম গ্রুপের সদস্য নয়নের সঙ্গে হারুন গ্রুপের কর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে।
বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল ইসলাম জানান, নয়ন ইউনিয়ন যুবলীগের সদস্য। তার হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।'
