শিশুদের দুধে বিষ মেশানোর হুমকি দেয়ায় নিউজিল্যান্ডে একজনকে সাড়ে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। চীনে রফতানির উদ্দেশ্যে উৎপাদিত দুধে বিষ মেশানোর হুমকি দিয়েছিলেন তিনি। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, নিউজিল্যান্ডের বিলিয়ন ডলারের দুধ ব্যবসাকে ব্ল্যাকমেইল করার জন্য তিনি এই কাজটি করেছিলেন।
দেশটির অন্যতম বৃহৎ ডেইরি কোম্পানি ফন্টেরার উদ্দেশ্যে দুটি চিঠি পাঠান অকল্যান্ডের ব্যবসায়ী জেরিমি কার। ২০১৪ সালে পাঠানো চিঠিতে ১০৮০ নামে পরিচিত একটি বিষ থাকার হুমকি দিয়েছিলেন তিনি।
নিজের নামে পেটেন্ট করা ১০৮০ নামের বিষটির ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন জেরিমি কার। এর এক পর্যায়ে তিনি দুধে বিষ মিশিয়ে দেয়ার হুমকি দেন। হুমকির মুখে থাকা দুধগুলো চীনে রফতানি করা হয়েছিল। এই বিষটির ব্যবহার নিষিদ্ধ হলে আর্থিকভাবে লাভবান হতেন জেরিমি। সূত্র: বিবিসি
