যৌতুকের জন্য স্ত্রী ও সন্তানকে হত্যা, আটক ৪

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৮:১৯
 
খাগড়াছড়ির গুইমারায় যৌতুকের জন্য স্ত্রী ও ছয় মাসের ছেলেকে গলা টিপে হত্যা করেছে সাবের আলী (২৪)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ঘাতক সাবের আলীসহ চার জনকে আটক করেছে পুলিশ। 
 
 
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে গুইমারা উপজেলার বড় পিলাক এলাকার বাসিন্দা মাহবুব হোসেনের ছেলে নেশাগ্রস্ত সাবের আলী নিজ হাতে স্ত্রী মাজেদা বেগম (২০) ও ছয় মাসের শিশু ছেলে হৃদোয়ানকে গলা টিপে হত্যা করেন। পরে স্থানীয়রা ঘাতক সাবের আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। 
 
মেয়ের বাবা সাহাব উদ্দিন ও মা আম্বিয়া বেগম জানান, গত কয়েক দিন ধরে সাবের আলী মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা যৌতুক দাবি করে তাদের মেয়ের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে মেয়ে ও নাতি রেদোয়ানকে পরিবারের লোকজন গলা টিপে হত্যা করেন।
 
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক সাবের আলী স্ত্রী ও শিশু ছেলেকে হত্যার দায় স্বীকার করে বলেন, 'সমাজ আমাকে এ কাজ করতে বাধ্য করেছে। অপর দিকে ঘাতকের বাবা নিজেকে নির্দোষ দাবি করে ঘাতক ছেলের বিচার চেয়েছেন। 
 
নিহত মাজিদার বাবা শাহাব উদ্দিন জানান, তিন বছর আগে মেয়েকে বিয়ে দেয়ার পর থেকেই নানা অজুহাতে শ্বশুর বাড়ির লোকজন যৌতুক দাবি করে আসছে। দাবির প্রেক্ষিতে একাধিকবার নগদ অর্থও দিয়েছেন তিনি। সর্বশেষ ভাড়ায় চালিত মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা দাবি করে শ্বশুর পরিবার। তবে দাবিকৃত টাকা দিতে অপারগ হওয়ায় মাজিদা ও তার শিশু ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 
 
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মেয়ের বাবা সাহাব উদ্দিন মেয়ের জামাই, শ্বশুর, শাশুড়ি ও দেবরকে আসামি করে মামলা দায়ের করেছে। পুলিশ সাবের আলীসহ সব আসামিকে আটক করেছে।