স্ত্রী নির্যাতন : স্বামীর ২ বছরের কারাদণ্ড

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৮:২১
চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত করায় স্বামী ফারুক খানকে (৩৫) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
 
বুধবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) রমনী রঞ্জন চাকমা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফারুক খান সদর উপজেলার রামদাসদী গ্রামের মৃত কামাল খানের ছেলে।
 
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাগাদী গ্রামের মমতাজ শেখের মেয়ে লাভলী বেগমকে ২০১১ সালের ২০ মার্চ বিয়ে করেন ফারুক খান। বিয়ের ৭-৮ দিন পর ২ লাখ টাকা যৌতুকের দাবি করে ফারুক ও তার পরিবার। এ নিয়ে নির্যাতনের শিকার হয় লাভলী। পরে লাভলীকে তার বাবার বাড়ি চলে আসে। এ ঘটনার পর ২০১১ সালের ১ জুন শালিশ বৈঠক হয়। ফারুক খান মোচলেকা দিয়ে লাভলীকে নিয়ে আসেন। পরে তারা শহরের মধ্য তরপুরচণ্ডী এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। তখন লাভলী জানতে পারেন ফারুক খান এর আগে একাধিক বিয়ে করেছেন।
 
এরপর ২০১১ সালের ৯ জুন ভাড়া বাড়িতে ফারুক ও তার আরেক স্ত্রী লাকী বেগম লাভলীকে মারধর ও মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই দিনই লাভলী বাদী হয়ে তার স্বামী ফারুক খান ও আরেক স্ত্রী লাকী বেগমকে আসামি করে মামলা দায়ের করেন।
 
ওই মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোস্তফা চৌধুরী ২০১১ সালের ৬ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করে।
 
সরকার পক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম তালুকদার বলেন, স্বাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে আসামি ফারুক খানকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামি লাকী বেগমকে খালাস দেন।