ইউপি নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ঘটনায় সাতক্ষীরা পুলিশ সুপারকে নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছে এ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয় বলে দাবি করেছেন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর পিপিএম (বার)।
বুধবার দুপুর ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপারের বাংলোয় ইউপি নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
পুলিশ সুপার বলেন, সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নের ৭১৬টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়। এ ছাড়া অন্যান্য ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইউপি নির্বাচনে এসব অনিয়ম ও সহিংসতার ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার হেড কোয়ার্টার ও গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআই ওয়ান)। তদন্তের প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে যদি পুলিশ সদস্যরা দোষী হয়, তাদের বিরুদ্ধেও বিভাগীয় মামলা দায়ের করা হবে।
চৌধুরী মঞ্জুরুল কবীর বলেন, নির্বাচনে পুলিশ কাজ করে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রি-জাইডিং অফিসারের অধীনে। তিনি যেভাবে নির্দেশ দেন, সেভাবেই পুলিশ সদস্যরা কাজ করে থাকেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউপি নির্বাচনের প্রত্যেক অনিয়ম, সহিংসতার ঘটনায় পুলিশের এখতিয়ার অনুযায়ী মামলা দায়ের করা হবে। অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তারা ব্যবস্থা নেবেন। ইসিতে তলবের বিষয়ে তিনি বলেন, আমাকে তলবের ঘটনা সঠিক নয়। এ বিষয়ে আমি কোন পত্র পাইনি।
মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানসহ অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
