নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই আইন-শৃঙ্খলা বাহিনী তাদের শক্তি প্রয়োগ করেছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতার ৪৫ বছর, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সাম্যবাদী দলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন কেরা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যেসব স্থানে সহিংসতা হয়েছে সেখানে শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী তাদের শক্তি প্রয়োগ করেছে মাত্র। বিশ্বের উন্নত দেশসহ প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানে যখন জঙ্গি হামলা হচ্ছে, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে দেশে জঙ্গি উত্থান বন্ধ হয়ে গেছে, বলেন তিনি।
নাসিম বলেন, আমাদের ভয় একটাই, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।
বিএনপির কাউন্সিল প্রসঙ্গে এই আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের ও প্রশাসনের সহযোগিতায় তাদের (বিএনপি) কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু সেই কাউন্সিলে খালেদা জিয়া জনগণকে অহেতুক উত্তেজিত করার জন্য হাসিনা বিহীন নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
