দ্বিতীয় দফায় নাইজারের প্রেসিডেন্ট হলেন ইসসোফু

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২০:১১
বিতর্কিত দ্বিতীয় দফা নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে মোহাম্মাদু ইসসোফু দ্বিতীয়বারের মতো নাইজারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবারের নির্বাচনে ইসসোফু ৯০ শতাংশেরও বেশি ভোট  পেয়েছেন।
 
বিরোধীরা এই নির্বাচন বয়কট করে। প্রতিদ্বন্দ্বী হামা আমাদু পেয়েছেন ৮ শতাংশ ভোট। গত সপ্তায় আমাদু জরুরি চিকিত্সার জন্য ফ্রান্সে গেছেন।
 
মোট ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে সরকারিভাবে জানানো হলেও বিরোধী জোট দাবি করেছে ভোট পড়েছে মাত্র ১১ শতাংশ। ইতোমধ্যে বিরোধী জোট নির্বাচনের এই ফলাফল গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দিয়েছে।
 
অপরদিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ইসসোফু দেশটির সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সূত্র: বিবিসি