ট্যানারি সাভারে না নেয়ায় ১০ মালিককে হাইকোর্টে তলব

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২১:১১
 
সাভারে ট্যানারি স্থানান্তর না করে আদালতের আদেশ অমান্য করায় রাজধানীর হাজারীবাগের দশ ট্যানারি মালিককে তলব করেছে হাইকোর্ট। আগামী ১০ এপ্রিল আদালতে হাজির হয়ে তাদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। 
 
ওই দশ ট্যানারি হলো, রানা লেদার ইন্ডাস্ট্রিজ, পূবালী ট্যানারি, নবীপুর ট্যানারি, এশিয়া ট্যানারি, প্যারামাউন্ট ট্যানারি, জুলেট এন্টারপ্রাইজ, রুমি লেদার ইন্ডাস্ট্রিজ, সালাম ট্যানারি, করিম লেদার ইউনিট-২ ও মাহিন ট্যানারি।
 
২০০১ সালে হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিতে নির্দেশ দেয়। এরপর সরকার কয়েক দফা সময় নিয়ে সাভারে এই শিল্প স্থানান্তরের জন্য মালিকদের জায়গা বরাদ্ধ দেয়। পরে অধিকাংশ ট্যানারি সেখানে চলে যায়। সব ট্যানারি স্থানান্তর না হওয়ায় হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে রিটকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ। 
 
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শিল্প সচিবকে তলব করে। পরে শিল্প সচিব আদালতে ওই দশ ট্যানারির নাম উল্লেখ করে এফিডেভিট দাখিল করেন। এতে বলা হয়, অনেক ট্যানারি মালিক আদালতের আদেশ মেনে সাভারে প্রতিষ্ঠান স্থানান্তর করলেও এরা এখনো সেখানে যায়নি। এরপর হাইকোর্ট গত বছর এই ট্যানারির মালিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। 
 
গত ২১ মার্চ ট্যানারি মালিকদের আদালতে তলবের আবেদন জানান, রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বুধবার আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট তাদেরতে তলবের আদেশ দেয়। 
 
মনজিল মোরসেদ ইত্তেফাককে বলেন, সরকার হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছিল। এই সময়সীমা শেষ হলেও ওই দশ কারাখানা মালিক তাদের প্রতিষ্ঠান সরিয়ে নেয়নি। এ কারনে হাইকোর্ট তলব করেছে।