'রাজাকারের হাত ধরে স্বাধীনতা উদযাপনকারীরা পাকিস্তানী ভূত'

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২২:২৫
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে স্বীকার করে না এবং রাজাকারের হাত ধরে স্বাধীনতা দিবস পালন করে, তারা আসলে পাকিস্তানী ভূত ও নব্য রাজাকার। এদের হাত থেকে দেশ রক্ষা করতে রাজনীতি থেকে তাদের বাদ দেয়ার কোনো বিকল্প নেই।'
 
বুধবার সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ।
 
পিআইবির সহায়তায় সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম-বাংলাদেশ এই সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
 
তথ্যমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মধ্য দিয়ে নেহেরু-জিন্নাহ'র ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ভুল শুধরে দেন। তিনি আমাদের স্বাধীনতার ইমাম, জিয়াসহ আর সবাই তার পেছনের কাতারগুলোতে মোকাব্বির। এ নিয়ে কোনো বিতর্ক অবান্তর।'
 
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, 'বিএনপিনেত্রী তার কাউন্সিল ভাষণে অনেক বিষয়ে বলেছেন। কিন্তু খুব সতর্কতার সাথে রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গীদের বিষয়ে কোনো কথা বলেননি। তিনি জঙ্গীসঙ্গ ত্যাগ করেননি।'