রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২২:৫২
রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বুধবার সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন।
 
পুলিশ ও হাসপাতাল সূত্র থেকে জানা যায়, নিহত ইসমাইল হক (৫৩) উপজেলার মহিশালবাড়ি গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র। আহতরা হলেন- শামসুল হক (৪৫), রনি আহমেদ (২৪) ও যাত্রীবাহী হলার (স্থানীয় যান) চালক ফারুক হোসেন (২৭)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়দের উদ্ধৃত করে গোদাগাড়ি থানার ওসি এসএম ফরহাদ হোসেন জানান, বুধবার বেলা সাড়ে ১০টায় একটি গরু বহনকারী হলার এর সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুর্ঘটনাটি ঘটে এবং চারজন মারাত্মকভাবে আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর ইসমাইল মারা যায়। বাকিরা আশংকামুক্ত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।