যশোরে দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহত ফেরদৌস হোসেন (৫০) জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও শহরতলী বিরামপুর এলাকার বাসিন্দা। বুধবার রাত ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায় বাকবিতণ্ডার একপর্যায়ে এক বিএনপি কর্মীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফেরেদৌসের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায় বিএনপি নেতা ফেরদৌস হোসেনের সঙ্গে বিএনপি কর্মী ফারুকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফারুক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা ফেরদৌসকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওহিদুজ্জামান আজাদ জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানান, ফেরদৌস হোসেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। তার ওপর কারা হামলা করেছে তা এখনও আমরা জানতে পারিনি।
