সরে গেছে চাঁদের অক্ষ!

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১১:৩৪
 
পৃথিবীর উপগ্রহ চাঁদ তার নিজের অক্ষ থেকে সরে গেছে এবং পৃথিবীকে দেখাচ্ছে ভিন্ন চেহারা। সম্প্রতি এক গবেষণায় এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা।
 
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নব্বই দশকের শেষ দিকে নাসার লুনার প্রস্পেক্টর মিশনে প্রাপ্ত তথ্য-উপাত্ত ঘেঁটে বিজ্ঞানীরা চাঁদের অক্ষের খুব কাছে দুইটি হাইড্রোজেন সমৃদ্ধ এলাকা চিহ্নিত করেছেন। এই দুই এলাকা শুধু তার অক্ষ সরে যাওয়ার বিষয়টিতেই সাক্ষ্য দিচ্ছে না, সেই সঙ্গে এই উপগ্রহে এক সময় পানি ও বরফ ছিল বলেও ইঙ্গিত করছে।
 
IMG0
 
বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘দ্য নেচার’-এ প্রকাশিত গবেষণাতে বলা হয়েছে, চাঁদের ভেতরে বরফের পট্টি দুইটি পরস্পরের বিপরীতে অবস্থান করছে বলে মনে করা হচ্ছে। আর তাদের মধ্যবর্তী যে লাইন, তা সরাসরি চাঁদের কেন্দ্র ভেদ করে চলে গেছে। আর সম্ভবত এটাই এই উপগ্রহের ঘূর্ণন কক্ষ।
 
বিজ্ঞানীরা বলেছেন, শত কোটি বছরে চাঁদের অক্ষ খুব ধীরে ধীরে প্রায় ৬ ডিগ্রি পর্যন্ত সরে গেছে। এর ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন, কয়েক বিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরি অগ্ন্যুত্পাতের কারণে পৃথিবীর এই উপগ্রহটি সরে গেছে।  চাঁদের যে অঞ্চলে প্রাকৃতিক এই প্রক্রিয়াগুলো পৃথিবীবাসী তার নাম দিয়েছে ‘প্রোকেলারাম’। পৃথিবী থেকে চাঁদের বুকে যেসব গর্ত দেখা যায়, সেগুলোর বেশিরভাগই এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
 
IMG1
 
আরিজোনায় প্লানেটারি সায়েন্স ইনস্টিটিউটের গবেষক ম্যাট সিয়েগলার ও তার সহকর্মীরা এটি প্রস্তুত করেছেন। 
 
এ ব্যাপারে ম্যাট সিয়েগলার বলেছেন, প্রোকেলারাম অঞ্চলটি প্রথম দিকে অত্যন্ত সক্রিয় ছিল। এই সক্রিয়তার কারণেই উপগ্রহটির অক্ষ ধীরে ধীরে সরে গেছে। এছাড়া চাঁদের বুকে কসমিক রশ্মি পড়লে নিউট্রন কণা লাফাতে শুরু করে। অন্যদিকে হাইড্রোজেনের উপস্থিতির চিহ্ন চাঁদে বরফ পানির সাক্ষী। তবে হয়তো গ্রহাণুদের উপর্যুপরি আছড়ে পড়ার কারণে এটি চিরতরে হারিয়ে গেছে।