আইনি প্রক্রিয়া মেনেই গুলি চালানো হয়েছে: বিজিবি মহাপরিচালক

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৩:৩৬
 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছিল। আর গুলি চালানোর ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে।
 
বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিজিবির সদস্যদের জন্য মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
গুলির ঘটনা সম্পর্কে আজিজ আহমেদ বলেন, তখন রাত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আর কোনো উপায় ছিল না। বিজিবি গুলি চালাতে বাধ্য হয়েছিল। গুলি চালানোর ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি করা হয়েছে।
 

গত ২২ মার্চ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একাধিক স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কয়েকজন নিহত হন।