নির্বাচনে নিহতের ঘটনায় ইসি দায়ী: বিএনপি

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২০:০০
প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২ জন নিহতের ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করেছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই দাবি করেন।
 
রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন কোন ভূমিকাই পালন করেনি। শুধু দায় সারা ভাবে কিছু কথা বলেছে। নির্বাচন কমিশন পদক্ষেপ নিলে এতগুলো মানুষের জীবন দিতে হত না। এতগুলো প্রাণহানির জন্য নির্বাচন কমিশন দায়ী। তাদের আনুগত্য, সেবাদাসমূলক আচরণে এত মানুষের জীবনহানি হল। অত্যন্ত নির্লজ্জভাবে তিনি বললেন নির্বাচন সুষ্ঠু হয়েছে।
 
রিজভী বলেন, সংবিধানের ১২৬ অনুচ্ছেদে সুষ্পষ্টভাবে লেখা আছে- ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে।’ নির্বাচন কমিশনের এ কথা সরকার না মানে, তাহলে অবশ্যই সরকার সংবিধান লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনের সেই মূহুর্তে উচিত নিজস্ব শক্তি প্রয়োগ করার। আর সেই শক্তি প্রয়োগে সরকার যদি রাষ্ট্রশক্তি ব্যবহার করে বাধা দান করে তাহলে নির্বাচন কমিশন দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তা অবহিত করে সরকারের সংবিধান লঙ্ঘনের কথা উল্লেখ করে পদত্যাগ করা উচিত বলেও তিনি বলেন।
 
বিএনপির এই নেতা বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজস্ব শক্তি প্রয়োগে যাবতীয় ব্যবস্থা নিতে পারতেন। সংবিধান লঙ্ঘনের জন্য সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারতেন। কিন্তু তিনি সেটি না করে অনুগত হয়ে প্রভুর মনোবাঞ্ছাই পূরণ করলেন। এই সরকার যেমন বেআইনি, ভোটারবিহীন জবরদখলকারী সরকার তেমনি এই নির্বাচন কমিশনও এখন একটি বেআইনি প্রতিষ্ঠানে হিসেবে পরিণতি লাভ করেছে।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।