নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত কর্মীদের হামলায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার সহ ১০ জন আহত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটায় উপজেলা মুছাপুর ইউনিয়নের মৌলভীবাজার নামক স্থানে বিএনপি প্রার্থী নুরুল আলম সিকদার নেতা-কর্মীদেরকে নিয়ে নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগ সমর্থিত প্রাথী নজরুল ইসলাম শাহিনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে সিকদার ও তার লোকজনের উপর হামলা চালায়। সিকদারের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা পালিয়ে যায়। স্থানীয় জনতা নুরুল আলম সিকদারসহ পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। আহতরা হলেন, চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম সিকদার (৪২), নিজাম (৩৯), খাঁন সাব(৩৭), আলমগীর(৪০) ও ভুলু ড্রাইভার(৩৫)। বাকীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়।
বিএনপির নেতা কর্মীরা ওই প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক উপজেলার চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির পলাশ, পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সম্পাদক মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদল সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা ছাত্রদল সম্পাদক জাহিদুর রহমান রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম এ প্রতিবেদককে জানায়, আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান জানান, আভন্তরীন কোন্দলে ওই প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে।
