মাটির দেয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৫:৪৮

মেহেরপুরের সদর উপজেলার হরিরামপুরে মাটির দেওয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে দম্পতির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিরামপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মো. কাবাতুল্লাহ (৫০) ও তার স্ত্রী আজিরুন নেছা (৪৫)। নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন জানান, নিজেদের পরিত্যক্ত একটি মাটির ঘর ভাঙ্গার কাজ শুরু করেন কাবাতুল্লাহ ও তার স্ত্রী আজিরুন নেছা। ঘর ভাঙ্গার এক পর্যায়ে একটি মাটির দেয়াল পড়ে গেলে তারা চাপা পড়েন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: প্রতিপক্ষ প্রার্থীকে অভিনন্দন এমপি দেবের

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা এহসানুল কবীর আল আজিজ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।   

ইত্তেফাক/অনি