শহীদ মিনার সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭২ ঘণ্টা

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৮:৩১
 
কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সাধারণ একটি কবর ঘিরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।
 
রায়ের অনুলিপি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরাতে বলা হয়েছে আদালতের রায়ে। তবে কবরটি ঠিক রাখতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে লড়েন আইনজীবী মনজিল মোরসেদ ও আসাদুজ্জামান সিদ্দিকী। রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
 
২০১২ সালের ২০ ফেব্রুয়ারি 'বেড়ে উঠছে কথিত মাজার/হুমকিতে শহীদ মিনার' শিরোনামে কালের কণ্ঠে প্রকাশিত একটি পত্রিকার প্রতিবেদন যুক্ত করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ওই বছরের ২২ ফেব্রুয়ারি হাই কোর্টে এই রিট আবেদন করেন। বিডি নিউজ।