স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শালদহ গ্রামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জাফরোল হাসান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আল-আমিন (৪০) কাজিপুর উপজেলার শালদহ চরের জয়নালের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুর রহমান জানান, ২০১১ সালের ৮ মে স্ত্রী ফরিদা খাতুনকে (৩০) পিটিয়ে হত্যার পর গলায় বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয় স্বামী আল-আমিন। তড়িঘড়ি করে তিনি মৃতদেহের দাফন করে। এর কয়েকদিন পর নিহতের পরিবারের কাছে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ হয়। প্রায় তিন সপ্তাহ পর একই বছর ৩১ মে নিহত গৃহবধূর বাবা খোকা সেখ বাদী হয়ে আল-আমিনসহ পরিবারের ৮ জনের নামে আদালতে মামলা দায়ের করেন।
দাফনের প্রায় দু’মাস পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে ভিসেরা রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হয়। ভিসেরা রিপোর্টে গৃহবধূর মস্তিস্কে বিষের কোন আলামত না থাকায় মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার উপ-পরিদর্শক আব্দুল বাতেন এটিকে হত্যা মামলা হিসেবে উল্লেখ করে নিহতের স্বামী আল-আমিনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় প্রদান করে আদালত।
