কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
শাহপরীরদ্বীপ মাঝের পাড়া ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল বশর বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে এ মামলাটি দায়ের করেন।
টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, ভোট কেন্দ্র থেকে ফেরার পথে ব্যালেট বক্স ছিনতাই, সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
মামলায় নিহত ৩ জনের মধ্যে ২ জনকেও আসামি করা হয়েছে। এজাহারে ৫ জনের নাম উল্লেখ করলেও অজ্ঞাত আসামি করা হয়েছে ৮ শত জনকে।
এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, নিহত সাবরাং মণ্ডল পাড়ার আমির হামজার ছেলে ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী চেয়ারম্যান নুর হোসাইনের ভাই আব্দুল গফুর (৩৮), একই এলাকার আব্দুস সালামের ছেলে নিহত মনির আহমেদ (২৮), নিহত মনিরের মা রেহেনা বেগম (৪৮) ও বোন শাহেনা আক্তার (২৫), মৃত আলী আহমদের স্ত্রী রশিদা বেগম (৫৫)।
মঙ্গলবার রাতে ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সাবরাং ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। নিহত ৩ জনের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
