তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, 'আজকের তরুণরাই ডিজিটাল বাংলাদেশ গড়বে। এজন্য প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে তরুণ প্রজন্মকে। বাংলা, ইংরেজি, গণিতের মতোই প্রযুক্তি শিক্ষায় ছোটবেলা থেকেই গুরুত্ব দিতে হবে। বেশি বেশি প্রযুক্তির চর্চা করতে হবে।'
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।
তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, 'এই সরকার শিক্ষা ও প্রযুক্তিতে উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ, স্কুলে স্কুলে কম্পিউটার, ল্যাপটপ বিতরণসহ নানা কার্মকান্ড পরিচালনা করছে। আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ক্লাস রুম নির্মাণের প্রক্রিয়া চলছে।'
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম এবং রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
