বগুড়ার নন্দীগ্রামে পুকুর নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে ছবের আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। ছবের আলী নন্দীগ্রাম উপজেলার ধুন্দর গ্রামের মৃত নজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায় , ধুন্দর গ্রামের মজিবর রহমানের সঙ্গে একটি পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে ছবের আলীর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছবের আলীসহ কমপক্ষে ৬ জন আহত হন। ছবের আলীকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, পুকুর নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে ছবের আলী নিহত হয়েছেন। এবিষয়ে থানায় কোন মামলা হয়নি।
