ইনোভেশন এক্সট্রিমের সেরা ৬ স্টার্টআপ

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ০৯:১৩
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল তথ্যপ্রযুক্তি খাতের দেশীয় স্টার্টআপগুলোকে নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন ইনোভেশন এক্সট্রিম ২০১৬। এ আয়োজনে অংশ নিয়েছিল দেশি-বিদেশী একাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। গুগল, ফেসবুক, মাইক্রোসফট কিংবা উবার, সবগুলো প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই হাজির হয়েছিলেন এখানে। তারা এখানকার স্টার্টআপগুলো নিয়ে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। উদ্যোক্তাদের দিয়েছেন বিভিন্ন পরামর্শ।
 
শুধু তাই নয়, ফেসবুকের পক্ষ থেকে ছিল সেরা ৬টি স্টার্টআপের জন্য এক বিশেষ প্যাকেজ। সেরা ৬ স্টার্টআপের প্রতিটি ফেসবুকের পক্ষ থেকে জিতে নিয়েছে ৫০ হাজার ডলারের বিশেষ প্যাকেজ। সেরা এই ৬ স্টার্টআপ হলো ট্রিপলি, লাইটক্যাসল পার্টনারস, সেবা, চলো, লেটস ইট এবং রেপটো।
 
ট্রিপলি
ট্রিপলি একটি অনলাইন ট্রাভেল অ্যাজেন্সি। বর্তমানে দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে কাজ করছে প্রতিষ্ঠানটি। ট্রিপলি মূলত বিভিন্ন ধরনের ট্রাভেল ডিল সেবা প্রদান করে থাকে। বিমান টিকেট, ট্যুর প্যাকেজ, ভিসা সংক্রান্ত সহায়তা এবং ঘুরে বেড়ানোর জন্য আনুষঙ্গিক সব ধরনের সেবা মিলবে এখান থেকে। তাও আবার প্রচলিত খরচের থেকে কম খরচে। দেশের বিভিন্ন ট্রাভেল অ্যাজেন্সির সেরা সবগুলো প্যাকেজ পাওয়া যাবে এখান থেকে যা এর বিশেষত্ব, জানালেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাফি মুস্তাফা। ইতোমধ্যেই ভ্রমণপ্রিয় মানুষের কাছে বেশ সমাদৃত হয়েছে ট্রিপলি, জানান তিনি।
 
 
 
লাইটক্যাসল পার্টনারস
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর গ্রাহকরা। ফলে সেই প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে গ্রাহকদের চাহিদা এবং তাদের ফিডব্যাক সম্পর্কে ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর হয়ে গ্রাহকদের কাছ থেকে তাদের মতামত জানার কাজটিই করে দিচ্ছে লাইটক্যাসল পার্টনারস। লাইটক্যাসল পার্টনারস একটি বাজার গবেষণা প্রতিষ্ঠান। ইতোমধ্যেই দেশের ই-কমার্স সাইটগুলোকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। লাইটক্যাসল পার্টনারসের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন বিজন ইসলাম।
 
লেটস ইট
খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ভোজনরসিক মানুষদের কথা মাথায় রেখে ঢাকায় গড়ে উঠেছে বিপুল সংখ্যক ফুড শপ ও রেস্টুরেন্ট। তবে কোনো খাবারের দোকানে প্রথমবার যাওয়ার আগে সবাই সেখানকার খাবার সম্পর্কে জেনে নিতে চান। জানতে চান সেখানকার বিভিন্ন খাবারের রিভিউ। তাদের জন্যই ‘লেটস ইট’ নামের অ্যাপটি তৈরি করেছে এমসিসি। এই অ্যাপে পাওয়া যাবে বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের রিভিউ যা গ্রাহকরাই লিখে থাকেন। এ ছাড়া আছে বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের মেন্যু, অ্যাপটি থেকেই সরাসরি বুকিং দেওয়ার ব্যবস্থাও আছে। রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছেন না? অ্যাপেই পাবেন এর লোকেশন ম্যাপ। লেটস ইটের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন আরিফুর রহমান।
 
সেবা
ধরুন আপনার বাসার কোনো কোনো ইলেক্ট্রনিক্স পণ্য নষ্ট হয়ে গেছে। এ ক্ষেত্রে হয়তো আপনি কোনো সার্ভিস সেন্টারে পণ্যটি নিয়ে যাবেন মেরামত করার জন্য। তবে এখানে কয়েকটি সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। যেমন—পণ্যটি নিয়ে যাওয়ার জন্য আপনার মূল্যবান সময় অপচয় করতে হবে। যানজটে পড়ে কাটিয়ে দেওয়া লাগতে পারে বড় একটি সময়। এর পাশাপাশি সার্ভিস সেন্টারে দিয়ে এলে সেটি ঠিকঠাক করার পর ফেরত পেতেও অনেক ক্ষেত্রে বেশ কয়েকদিন চলে যায়। কিন্তু এই  সেবাটি যদি ঘরে বসেই পাওয়া যায়, তাহলে এই সবগুলো ব্যাপারেই আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। এই কাজটিই করে থাকে সেবা। কোনো ইলেক্ট্রনিক্স পণ্য কিংবা নিরাপত্তা পণ্য থেকে শুরু করে ওয়াইফাই বা ইন্টারনেট সংক্রান্ত সমস্যা কিংবা ক্লিনিং সার্ভিস, এ সবই পাওয়া যাবে সেবা থেকে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট কিংবা কল সেন্টারে কল করে সমস্যার কথা জানালেই দক্ষ টেকনিশিয়ান হাজির হয়ে যাবে দোরগোঁড়ায়। আর সেবা পাওয়ার পর বিভিন্ন মাধ্যমে তাদের মূল্য পরিশোধ করা যাবে। দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
 
রেপটো
রেপটো একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। বিভিন্ন বিষয়ের উপর এখানে আছে ভিডিও টিউটোরিয়াল যা তৈরি করেছেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিরা। এখানে পাওয়া যাবে প্রোগ্রামিং, ফটোগ্রাফি, ফিল্ম মেকিং, বিজনেস, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের উপর ইন্টারঅ্যাকটিভ ভিডিও টিউটোরিয়াল। অভিজ্ঞ ব্যক্তিদের জন্য এখানে আছে ভিডিও টিউটোরিয়াল তৈরির মাধ্যমে আয়ের সুযোগ। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ইশতিয়াক সিয়াম।
 
চলো
বিশ্বের বিভিন্ন দেশেই আছে ট্যাক্সি ক্যাব সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশেও সম্প্রতি চালু হয়েছে এমনই একটি প্রতিষ্ঠান চলো। চলোর ওয়েবসাইট কিংবা স্মার্টফোন অ্যাপ থেকে ট্যাক্সি বুকিং দিয়ে রাখলে নির্দিষ্ট সময়ে ট্যাক্সি হাজির হয়ে যাবে দোরগোড়ায়। এর পাশাপাশি চলো খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে বাইক রাইড সার্ভিস, জানালেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান শুভ। তিনি আরও জানান, দেশের মানুষের কাছে বেশ ভালো সাড়া পেয়েছে সেবাটি।