আসছে আল্ট্রা-থিন ম্যাকবুক

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১০:২৩
ম্যাকবুক প্রো সিরিজের নতুন আল্ট্রা-থিন ডিভাইস আনতে কাজ করছে অ্যাপল। আসছে গ্রীষ্মে নতুন এ ডিভাইস উন্মোচন করতে পারে মার্কিন এ প্রতিষ্ঠান। সূত্র- ডিজিটাইমস ও টাইমস অব ইন্ডিয়া।
 
শুধু অ্যাপলই নয়, আল্ট্রা-থিন ল্যাপটপ আনতে কাজ করছে ডেল, লেনোভো এবং আসুস।
 
বাজার বিশ্লেষকদের মতে, অ্যাপলের নতুন আল্ট্রা-থিন ১৩ ও ১৫ ইঞ্চি ম্যাকবুক দ্বিতীয় প্রান্তিক শেষে সরবরাহ করা হতে পারে। ওই সময় ডেল, লেনোভো এবং আসুসের আল্ট্রা-থিন ল্যাপটপও উন্মোচন করা হতে পারে।
 
বলা হচ্ছে, নতুন এই ম্যাকবুকটি দেখতে অনেকটাই ১২ ইঞ্চি ম্যাকবুকের মতো হবে। গত বছরে বাজারে আসা নতুন ১২ ইঞ্চি ম্যাকবুকটি, ম্যাকবুক এয়ার থেকেও পাতলা। আর অ্যাপল এখনো পর্যন্ত ম্যাকবুক এয়ারের কোন ১৫ ইঞ্চি সংস্করণ উন্মোচন করেনি। তাই নতুন ম্যাকবুক এটির আপডেটেড সংস্করণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
আর এতে রেটিনা ডিসপ্লে সংযুক্ত করা হতে পারে বলেও জানিয়েছে অ্যাপল বিষয়ক সংবাদ মাধ্যম ৯টু৫ ম্যাক।
 
নতুন ম্যাকবুকে ইনটেলের স্কাইলেকে প্রসেসর ব্যবহার করা হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে অনেক দিন থেকেই। ৯টু৫ ম্যাক জানিয়েছে, অ্যাপল ইতোমধ্যেই ম্যাকবুকে স্কাইলেক প্রসেসর যুক্ত করা শুরু করেছে।