কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টা ব্যাপী নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মিতালী প্রামানিক এবং জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সজিব সরকার।
এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নওগাঁর সাধারণ সম্পাদক অ্যাড. মহসিন রেজা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, জয়ন্ত বর্মন, ছাত্র ইউনিয়ন নেতা আনন্দ বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
