চট্টগ্রামে আগুনে পুড়ল দোকান, বসতঘর

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১২:৪৮
চট্টগ্রামে অগ্নিকাণ্ডের তিনটি ঘটনা ঘটেছে। এতে দোকান ও বসতঘরসহ আটটি স্থাপনা পুড়ে গেছে।  এসব অগ্নিকাণ্ডে  প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
 
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে নগরীর কালুরঘাট বিসিক, ইপিজেড আকমল আলী রোড ও রাউজান উপজেলার নাথুয়ান বাগিচায় এসব অগ্নিকাণ্ড ঘটে।
 
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কালুরঘাট বিসিক এলাকায় রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে শ্রমিকদের থাকার পাঁচটি কাঁচা বসত ঘর পুড়ে দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
একই সময়ে রাউজান উপজেলার নাথুয়ান বাগিচা এলাকায় পুড়ে যায় একটি বসতঘর। বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে ওই বাড়ি পুড়ে দুই লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। রাউজান ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এদিকে নগরীর ইপিজেড থানার আকমল রোডে আগুনে পুড়ে গেছে আটটি বিভিন্ন ধরনের দোকান। এতে মোট ৮০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।