আইসিসি টি-২০ বিশ্বকাপে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ নাগপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে পৌঁছে যাবে ক্রিস গেইলের দল। এর আগে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে ক্যারিবিয়ান শিবির।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এর আগে দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। সেমিফাইনালে উঠতে হলে তাদেরও এই ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
টি-২০তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এর আগে ন’বার মুখোমুখি হয়ে ছ’বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে মোট তিনটি ম্যাচে।
ক্রিস গেইল ২০০৭ সালে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন। টি-২০ ক্রিকেটেও এটিই ছিল তার প্রথম সেঞ্চুরি।
প্রোটিয়া ওপেনার হাশিম আমলা আর ৪৯ রান করলে টি-২০ ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করবেন। এর আগে দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রিকেটার টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন।
