পূর্ব-ঘোষণা অনুযায়ী দুটি ‘স্পেশালিস্ট’ সিরিজের স্মার্টফোন উন্মুক্ত করেছে এলজি। ‘এলজি এক্স ক্যাম’ ও ‘এলজি এক্স স্ক্রিন’ নামের এই ফোন দু’টি চলতি সপ্তাহ থেকে দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাবে।
১ দশমিক ১৪ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরের এক্স ক্যাম স্মার্টফোনে ৫ দশমিক ২ ইঞ্চির পর্দা রয়েছে। ২ জিবি র্যামের এই ফোনে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে। ব্যাটারি থাকছে ২৫২০ এমএএইচের, সঙ্গে থাকছে এলইটি সাপোর্ট।
এক্স ক্যামের মূল বিশেষত্ব ক্যামেরায়। এতে ডুয়েল ব্যাক ক্যামেরা জুড়ে দেয়া হয়েছে।
১৩ মেগাপিক্সেলের সাধারণ ক্যামেরার সঙ্গে উপরি পাওয়া হিসেবে থাকছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স শুটার ক্যামেরা। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এক্স স্ক্রিন স্মার্টফোনটিতে ঠিক একই ধরনের স্পেসিফিকেশন রয়েছে। শুধু ডুয়েল ব্যাক ক্যামেরাটি নেই। তবে এর বদলে রয়েছে ডুয়েল স্ক্রিন।
৪ দশমিক ৯৩ ইঞ্চির মূল ৭২০ পিক্সেল স্ক্রিনের সঙ্গে রয়েছে ১ দশমিক ৭৬ ইঞ্চির আরেকটি পিক্সেল স্ক্রিন। ৫২০ x ৮০ রেজ্যুলেশনের পিক্সেলের এই স্ক্রিন সব সময় চালু থাকবে, যার ফলে প্রয়োজনীয় নোটিফিকেশন মূল পর্দা চালু না করেই দেখা যাবে।
ফোন দুটির দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দাম খুব একটা বেশি হবে না বলেই ধারণা করা হচ্ছে।
