সীতাকুণ্ডে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবর্ষণ

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৯:৩০
 
সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর বার আউলিয়াস্থ ব্যবসা প্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করেছে।
 
জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মুখোশপড়া ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী যুবক দুইটি মাইক্রো ও একটি প্রাইভেটকারে করে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর বারআউলিয়াস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। তারা প্রার্থীর প্রতিষ্ঠান বারআউলিয়া মেডিকেল হল ও নির্বাচনী কার্যালয়ে ডুকে ফার্মেসীর গ্লাস ভেঙ্গে ভেতরের আসবাবপত্র, কম্পিউটার ভাংচুর করে তাণ্ডব চালায় এবং কিছুক্ষণের মধ্যে তারা পালিয়ে যায়। তাদের তাণ্ডবে প্রতিষ্ঠানে থাকা কর্মচারীরা ভয়ে আত্মরক্ষার্থে পেছনের কক্ষে লুকিয়ে পড়ে।
 
এ ঘটনায় নুরউদ্দীন জাহাঙ্গীর চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী মনির আহমদের কর্মী সমর্থকদের দায়ী করেছেন। তিনি বলেন, পরিকল্পিকভাবে এ ঘটনা ঘটিয়েছে যাতে তার দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মনির আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন,  জাহাঙ্গীর চৌধুরী নিজেদের লোক দিয়ে এই ঘটনা ঘটিয়ে জনগণের সহানুভূতি আদায়ে চেষ্টা করে এবং  আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
 
সীতাকুণ্ড থানার এসআই ইকবাল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তরা নুর উদ্দীন জাহাঙ্গীর চৌধুরীর ওষুধের দোকানে ভাংচুর করে পালিয়ে যায় এবং তবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।