বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, সরকার ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির চর্চা করছে। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনায় উনি (অর্থমন্ত্রী) জড়িত না থাকতে পারেন, তবে দায়িত্ব এড়াতে পারেন না। সরকারের মন্ত্রী হয়ে তার তো কিছু দায়িত্ব আছে। তার উচিত ছিল পদত্যাগ করা।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আগামীর নেতা তারেক রহমানের চরিত্র হননের জন্য এক ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করেছে। ক্ষমতাসীনরা ভালো করেই জানে এই তিনটি শুধু নাম নয়, বাংলাদেশের জনগণের আশা আকঙ্খার প্রতীক। এ কারণেই আওয়ামী লীগ সরকার ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি চর্চা করছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিএনপি ঘৃণার রাজনীতি করে না, বিএনপি বিশ্বাস করে ঘৃণা বিদ্বেষ মানুষের পতন ডেকে আনে, ধ্বংস করে দেয় সকল ঔদ্ধত্যকে, যেমনটি ঘটেছে হিটলার-মুসোলিনীর ক্ষেত্রে। ফোকাস বাংলা।
