রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলে কিশোরী ধর্ষণের ঘটনার পর জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় আবারো কয়েকজন মিলে এক গৃহবধূকে হাত-পা বেধে ধর্ষণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ওই নারী আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। এ সময় স্থানীয় চার বখাটে বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধূর হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়লে বখাটেরা পালিয়ে যায়। এরপর রাতে ওই বাড়ির মালিকের স্ত্রী ওই গৃহবধূর কাছে গেলে তিনি তাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখেন।
পরে রাতে তাকে হাসপাতালে নেয়া হলে তার জ্ঞান ফেরে। এরপর তিনি পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন। তবে তাৎক্ষণিকভাবে রামেক হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই চার যুবকের নাম জানাতে পারেনি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, এ বিষয়ে তিনি এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
