দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ২১:৩৭
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৮ জন। শুক্রবার সকাল থেকেই রাত পর্যন্ত দুর্ঘটনার ঘটনা ঘটে।
 
এর মধ্যে রাজধানীর কমলাপুর এলাকায় গাড়ির ধাক্কায় নাজমুল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।  কক্সবাজারের মহেশখালী উপজেলা এলাকায় শুক্রবার পিক আপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। 
 
কুমিল্লার চান্দিনায় দুর্ঘটনায় পড়া একটি ট্রাকে আগুন  লেগে চালক ও তার সহকারী জীবন্ত দগ্ধ হয়েছেন।হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই অচিন্ত্য কুমার জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।