বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য অনুষ্ঠানের দরকার নেই: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৭:১৮

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করার দুঃসাহস আমার নেই। তাকে স্মরণ করতে পারছি এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য অনুষ্ঠানের দরকার নেই, তাকে চেতনায় ধারণ করতে পারলে আমাদের গতিপথ ঠিক থাকবে এবং তার চেতনা ধারণ করেই আমরা সঠিক ধারায় এগিয়ে যাব।

শনিবার ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সলি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু পাকিস্তান ও বাংলাদেশ- দুটি দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোন নেতার এমন নজির নেই।

আরো পড়ুন: ‘হামলার দায় মুসলিমদের’ বলায় সিনেটরের মাথায় ডিম

প্রতিমন্ত্রী আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকারের স্বপ্ন দেখিয়ে, নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র করে একটি দেশ স্বাধীন করেছেন- এমন নেতাও বিশ্বে দ্বিতীয়টি নেই। একাত্তরের ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার আহবানকে পাকিস্তানি জান্তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা সত্যেও বঙ্গবন্ধু ২৬ মার্চ আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করেন।

জাতির পিতার ছাত্রলীগ গঠন করার প্রসঙ্গ টেনে খালিদ বলেন,  ছাত্রলীগ ছিল জাতির পিতার মূল হাতিয়ার। শিক্ষিত নেতৃত্বকে রাজনীতিতে টানার জন্যই তিনি ছাত্রলীগ গঠন করেন। বঙ্গবন্ধু যখন ছয়দফা দিলেন, তখন তৎকালীন আওয়ামী লীগের নেতারা নিজেদের মত করে দফা বাড়াতে লাগলেন। কিন্তু এই ছাত্রলীগই বঙ্গবন্ধুর ছয়দফাকে এক দফায় পরিণত করেছে। যার ধারাবাহিকতায় সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ স্বাধীন করেন বঙ্গবন্ধু।

ইত্তেফাক/জেডএইচ