খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী ও দু’ কন্যা আটক

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ০০:৫১

খুলনায় জাকির হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নগরীর বানরগাতি আল-আমিন মহল্লা এলাকার বাসায় তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত মাখা বটি উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী মর্জিনা বেগম এবং তার দু’ মেয়েকে সন্দেহভাজন হিসাবে আটক করেছে।

প্রত্য¶দর্শী ও পুলিশ জানায়, কাপড় ব্যবসায়ী জাকির হোসেন স্ত্রী মর্জিনা বেগম এবং তার সন্তানদের নিয়ে নগরীর বানরগাতি আল-আমিন মহল্লা এলাকার নেছার উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। জাকির হোসেন একাধিক বিয়ে করেছে। যা নিয়ে পারিবারে কলহ চলে আসছে। এ ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ডের সময় বাড়িতে তার স্ত্রী মর্জিনা বেগম, কন্যা ও জামাই ছিল। কিন্তু ঘটনার পর থেকে জামাই আত্মগোপন করেছে।

এদিকে, খবর পেয়ে নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।  পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত মাখা বটি উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী মর্জিনা বেগম এবং তার দু’ মেয়েকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। মেয়েদের মধ্যে একজনের নাম জান্নাতুল। তবে অপর মেয়ের নাম জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-সন্তান ও জামাই মিলে তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি স্পষ্ট হবে।