রাজধানীর হোসনি দালান এলাকায় পুুলিশের ধাওয়া খেয়ে ৬তলা বিল্ডিং থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কালাম (৩০)। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন আব্দুল কালাম ইয়াবা ব্যবসায়ী ছিলেন। পরিবারের দাবি তাকে গ্রেফতার না করে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে।
জানা গেছে, আব্দুল কালাম হোসনি দালান এলাকার ২০ নম্বর শিয়া গলিতে ভাড়া থাকেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি চানখারপুল এলাকায় গেলে কায়েতটুলি পুলিশ ফাঁড়ির এসআই রফিক ও এএসআই মোজাম্মেল তাকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে আব্দুল কালাম হোসনি দালান রোডের ৭৪ নম্বর বাড়ি ৬তলার ছাদে উঠে যায়। তখন পুলিশ তাকে গ্রেফতার করতে ওই ছাদে উঠে। সে সময় আব্দুল কালাম গ্রেফতার এড়ানোর জন্য পানির পাইপ দিয়ে ছাদ থেকে নামার চেষ্টা করে এবং তিনি পড়ে ঘটনাস্থলে মারা যান।
