হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ওই উপজেলার কুমড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সাফিয়া খাতুন (৩৫), জিতু মিয়ার স্ত্রী মনোয়ারা খাতুন (৩২) ও তার বোন নজরুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৩০)।
আহতদের পরিবারের সদস্যরা জানান, কুমড়ি পেরেংগিটিলা গ্রামের আব্দুর রাজ্জাকের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে একই গ্রামের সাদিকুর রহমানের। এ নিয়ে আদালতে মামলা চলছে। এর জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে ওই ৩ গৃহবধূর ওপর প্রতিপক্ষরা এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তারা। পরে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু নাঈম মাহমুদ হাসান জানান, শরীরের বিভিন্ন স্থানে ফুঁসকার মতো বেড়িয়েছে। আপাতত মনে হচ্ছে- এটি কেমিকেল জাতীয় পদার্থ হতে পারে। তবে গুরুতর কিছু নয়।
বানিয়াচং থানার অফিসার ইনর্চাজ (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি।
