ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালেই ভারতে নিযুক্ত বাংলাদেশর হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী স্বাধীনতা দিবস উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন।
এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়। এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দ্যেশে দেয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্টমন্ত্রী মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সারোয়ার আলমের বাণী পাঠ করা হয়। মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে ফ্রেন্ডস অব বাংলাদেশ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের ও মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্স্রপ্রেস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস, কলকাতাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।
দৈনিক ফিনান্সিয়াল এক্স্রপ্রেস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস তিনপাতার এবং আনন্দবাজার দুইপাতার ক্রোড়পত্র প্রকাশ করে। এছাড়া দিল্লিভিত্তিক ম্যাগাজিন ডিপ্লোমেসি এন্ড বিয়ন্ড ৫৮ পৃষ্ঠার ম্যাগাজিন বের করে।
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৮ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের উদ্দ্যেগে এক সংবর্ধনা অনুষ্ঠনের আযোজন করা হয়েছে। ভারতের রাজনীতিক.বাংলাদশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতের সামরিক বাহিনীর সাবেক কর্মকতা, দেশ বিদেশের কূটনীতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন।
