স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৭:৫৭
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতায় বাংলাদেশের উপ রাষ্ট্রদূত জকি আহাদের মাধ্যমেও তিনি বাংলাদেশ সরকার ও বাংলাদেশের সমস্ত নাগরিককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
 
শনিবার ফেসবুকে শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, আজ বাংলাদেশের ৪৬-তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে বাংলাদেশের সকল ভাই ও বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধার সাথে স্মরণ করি ও সালাম জানাই মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ অমর শহীদ ও তাঁদের পরিবার পরিজনদের। শ্রদ্ধা জানাই আরও অসংখ্য ভাই বোনেদের যাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা। দুই বাংলার সম্পর্ক আরও মধুর হোক, আরও সুদৃঢ় হোক, এই প্রার্থনা করি।
 
কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসে শ্রদ্ধার সঙ্গে ২৬ মার্চ, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়। শনিবার সকালে কমিশন চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ। পরে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জনিয়ে নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান কনস্যুলার জামাল হোসেন। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (স্পোর্টস) ওমর ফারুখ খান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বাণী পাঠ করেন প্রথম সচিব (ভিসা) মনসুর আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষণ পাঠ করেন প্রথম সচিব (প্রেস) মোফাক্কারুল ইকবাল।‌ সন্ধ্যায় ছিল অতিথি আপ্যায়ন। ছিলেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক জগতের বিশিষ্টরা।