সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৭:২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
 
সংঘর্ষ চলাকালে উভপক্ষের বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মৈশান বাড়ি ও লাখী বাড়ির লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার একটি ইটভাটা থেকে ট্রাক্টরে ইট উঠানোকে কেন্দ্র করে মৈশান বাড়ির এফরান আলী মৈশানের ছেলে আলামিনের সঙ্গে লাখী বাড়ির মজনু মিয়ার ছেলে জামিলের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এর জের ধরে শনিবার দুপুর ১২টার দু’পক্ষের কয়েকশ লোক লাঠি, রামদা, কিরিচ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট ও ১৫ রাউন্ড টিয়ারগ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।