মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকালে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তিনি। বেগম জিয়া সেখানে ফাতেহা পাঠ করেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুবুর রহমানসহ দলের অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্লোগান সহকারে জিয়াউর রহমানের মাজারে আসতে শুরু করেন। স্লোগানে মাজার এলাকা মুখরিত করে তোলেন তারা। এক পর্যায়ে মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা নেতা-কর্মীতে ভরে যায়।
এর আগে, সকালে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন।
স্বাধীনতা দিবসে প্রতি বছর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়ার পর জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেও গত বছর এর কোনটিতেই যাননি খালেদা জিয়া। অন্তবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা খালেদা জিয়া ওই সময় গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ৯২ দিন পরে শিথিল হয়ে যায়।
