তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। যাতে করে তরুণ প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে।
শনিবার উপজেলা চত্তরে নব-নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সিংড়া কোর্ট মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানোর মাধ্যমে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপর কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কলা কৌশলীরা মনোজ্ঞ ডিসপ্লেতে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও হেমন্ত হেনরী কুবি, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সহ সভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওদুদ দুদু প্রমুখ।
