খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 'মহান ২৬ মার্চের লক্ষ্য উদ্দেশ্য আজ দেশবাসীর কাছে সফল হয়েছে।'
তিনি বলেন, 'দেশের নতুন প্রজন্ম আজ ২৬ মাচের্র লক্ষ্য উদ্দেশ্য উপলব্ধি করতে পারছে। নতুন প্রজন্মের কাছে ২৬ মার্চের সঠিক ম্যাসেজ পৌছে দেয়া গেছে, এটাই সার্থকতা। নতুন প্রজন্ম আজ স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে অবগত এই কাজটিই আমরা করতে চেয়েছিলাম।'
খাদ্যমন্ত্রী শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এই কথা বলেন।
ডিজিটাল বাংলাদেশ গড়া প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতির স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু জাতি আজ আবার নতুন করে সে স্বপ্ন দেখছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। ঠিক এই মুহুর্তে আবারও নতুন করে এই স্বপ্নকে ভেঙ্গে দেয়ার ষড়যন্ত্র চলছে।'
কেরাণীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শামীম বানু শান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
