দেশব্যাপী শহীদদের স্মরণে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২১:৩২
২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিশেহারা বাঙালি জাতিকে মুক্তির পথ দেখাতে 'বাংলাদেশের স্বাধীনতা' ঘোষণা করেছিলেন।
 
বঙ্গবন্ধুর সেই ডাকে সাড়া দিয়ে দেশকে হানাদার মুক্ত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বীর বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। তবে সেই সময় বাঙালিদেরই মুষ্টিমেয় একটি অংশ আবার দেশের মানুষের সঙ্গে বেঈমানী ও পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে শাšন্তি কমিটি, আলবদর ও আলশামস বাহিনী গঠন করে হত্যা, ধর্ষণ ও লুটতরাজে মেতে ওঠে।
 
শনিবার দেশের ৪৫তম স্বাধীনতা দিবসের এই দিনে ওই সকল যুদ্ধাপরাধী, রাজাকার ও অপশক্তিকে চিরতরে বাংলার মাটি থেকে উৎখাত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় নতুন প্রজন্মসহ সমগ্র জাতি নানা আনুষ্ঠিকতায় দৃঢ় প্রত্যয়ের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেছে।
 
দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলা থেকে সংবাদদাতা ও প্রতিনিধিগণ জানান, দিবসটি উদযাপনে নানা আনুষ্ঠানিকতার মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, স্কুল শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা, র‌্যালি, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, লাঠিখেলা, প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের সৌখিন খেলা, রচনা ও বির্তক প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শন, চিত্রাংকণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
 
প্রতিনিধিগণ জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধচিত্তে মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেছে।
 
নড়াইল সংবাদদাতা জানান, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভসূচনা হয়। ভোর ৬টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নড়াইল পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ এবং নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক, বধ্যভূমি ও গণকবরে পুস্পবক অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
 
পাবনা সংবাদদাতা জানান, যথাযথ মর্যাদায় পাবনা জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পাবনা জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিম্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, স্বাধীনতা দিবস বিজয় উযাপন পরিষদ, পাবনা জেলা পরিষদ, পাবনা প্রেস ক্লাব, হাজী জসীম উদ্দিন কলেজ, সকল উপজেলা প্রশাসন, গণশিল্পীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি পালন করেছে।
 
লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, শনিবার রাতের প্রথম প্রহরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষ্মীপুর সদর আসনের এমপি একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ অনেকে।
 
পঞ্চগড় সংবাদদাতা জানান, জেলায় বোদায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
 
এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি (বাউয়েট) জানায়, তারা বিশ্ববিদ্যালয়ের কাদিরাবাদ সেনানিবাস ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে।
 
এমনই নানা আয়োজনে কুমিল্লা, দেবিদ্বার, সিরাজগঞ্জ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রংপুর, খুলনা, মৌলভীবাজার, জয়পুরহাট, ভোলা, শরীয়তপুর, মেহেরপুর, যশোর, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।