মিটু আন্দোলনে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর কোণঠাঁসা হয়ে পড়ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সিইও রাহুল জোহরি। তবে সেই অভিযোগ ধোপে টিকল না। বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্টেটর্স-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাহুল জোহরি নির্দোষ। তার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। সেই মহিলার করা অভিযোগ সাজানো ও ভিত্তিহীন।
গত তিন সপ্তাহ ধরে বিসিসিআই-এর পদ থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে জোহরিকে। এবার থেকে তিনি আবার নিজের দায়িত্বে বহাল থাকবেন। বোর্ডের সিওএ-কমিটি জানিয়েছে, কাল থেকেই ফের নিজের অফিসে বসে কাজ শুরু করে দিতে পারবেন তিনি।
রাহুল জোহরির বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠার পর থেকে বিসিসিআই-এর সিওএ কমিটি দুই ভাগে বিভক্ত হয়েছিল। সিওএ প্রধান বিনোদ রাই জোহরির পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু ডায়ানা এডুলজি সরাসরি জোহরির পদত্যাগ দাবি করেছিলেন।
এদিন প্রুভ কমিটির আইনজীবী রাকেশ শর্মা বলেন, যৌন হেনস্থার অভিযোগ মিথ্যা ও সাজানো। অফিসে বা বাড়িতে, রাহুল কোথাও সেই মহিলাকে যৌন হেনস্থা করেননি। মিথ্যা অভিযোগ করে রাহুলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল।
২৫ অক্টোবার প্রুভ প্যানেল গঠন করা হয়েছিল। পনেরো দিনের মধ্যে সেই কমিটিকে রাহুল জোহরির উপর তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলেছিল সিওএ। সেই একই রিপোর্ট সুপ্রিম কোর্টেও জমা দেওয়া হবে।
আরও একজন নারী জোহরির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তিনি সিঙ্গাপুরে জোহরির সঙ্গে কাজ করতেন।
ইত্তেফাক/কেআই
