সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৪:৪৫
সাতক্ষীরার বিনেরপোতা এলাকার একটি মৎস্য ঘের থেকে সরলা দাশ (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
রবিবার  সকালে শহরের অদূরে বিনেরপোতা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সরলা দাশ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ফনি ভুষণের স্ত্রী। 
 
স্থানীয়রা জানান, সরলা দাশ বিনেরপতো এলাকায় তার মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে ইঞ্জিনভ্যানে তুলে দেয় তার জামাই। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে তার মরদেহ বিনেরপোতা এলাকায় মহাসড়কের পাশের একটি মৎস্য ঘেরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। 
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।