আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে সরকারের দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আগামী ৭ দিনের মধ্যে ওই জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে জমা দিতে বলা হয়েছে। অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৮ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলার বিষয়বস্তু নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে গুরুতর আদালত অবমাননা করেছেন। তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে প্রধান বিচারপতির অফিস ও বিচার প্রশাসনকে হস্তক্ষেপ করেছেন। যেহেতু তারা শুরুতেই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষতে এ ধরনের বক্তব্য না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেহেতু তাদের সাজার ক্ষেত্রে নমনীয় করা হয়েছে।
