আগামী এপ্রিলের শেষ সপ্তাহে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তি সই হয়।
মেট্রোরেল সুবিধা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিউন্নয়ন, পাইলিং, মাটি ভরাট কাজের জন্য ৫৬৭ কোটি ৬ লাখ ৭৪ হাজার ৪০৯ কোটি টাকার চুক্তি সই করেছে সরকার।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমটিসিএল) এবং জাপানের টোকিও কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এমটিসিএল’র পক্ষে প্রকল্প পরিচালক মো. মোফাজ্জল হোসেন এবং টোকিও কন্সট্রাকশনের জেনারেল ম্যানেজার হিরোশ আসাকামি চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগে বক্তব্যে মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার জন্য মেট্রোরোলের রুটে ওই পথ যুক্ত হয়েছে।
তিনি আরও জানান, আগামী অর্থবছরে এমআরটি লাইন ১ এবং এমআরটি লাইন ৫ নামে আরও দু’টি মেট্রোরেলের কাজ শুরু হবে।
যানজট নিরসনে এলিভেটেডে এক্সপ্রেসওয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এসব বাস্তবায়ন হলে যানজট নিরসনে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হবে।
