শিবপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৪:৫০
নরসিংদীর শিবপুর উপজেলার বিরাজনগর গ্রামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
 
জানা গেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বিরাজনগর বাজার থেকে মৃত আব্দুল হাশিমের বড় ছেলে  মুক্তিযোদ্ধা আব্দুল হাই বাড়ি যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তার ছোট ভাই মো. হারিছ মিয়া ও তার দুই ছেলেসহ এলাকার কিছু লোকজন ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তৎক্ষণাৎ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরই তিনি মারা যান।
 
নিহতের ছোট ভাই মো. হারিছ মিয়া বলেন, ‘হাসপাতালে নেয়ার পথে আব্দুল হাই সন্ত্রাসীদের মধ্যে দুইজনকে চিনতে পেরেছেন বলে জানান।’
 
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সঙ্গে সৎভাই জাকিরের (৩৫) দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
 
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে রিমন মিয়া (২৪) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে একটি হত্যা মামলার প্রস্তুতি নিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।