‘আওয়ামী লীগ ছাড়া এই বাংলার উন্নয়ন অসম্ভব’

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৫:০৮
‘পল্লি উন্নয়ন ছাড়া যেমন দেশের উন্নয়ন সম্ভব নয়, তেমন আওয়ামী লীগ ছাড়া এই বাংলার উন্নয়ন অসম্ভব।’ রবিবার দুপুরে চান্দিনা পৌরসভার জেলা পরিষদ মিলনায়তনে সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এ মন্তব্য করেন।
 
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাম ঘোষণা দিয়ে দেশের উন্নয়ন বাস্তবায়ন করে চলছেন। তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ঘোষনা দিয়েছিলেন, আর বিএনপি নেত্রী খালেদা জিয়া ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়র ঘোষণা দেন। এখানে তিনি দশ বছরে পিছিয়ে আছেন। খালেদা জিয়া বাঙ্গালি জাতিকে সব সময় এভাবেই পিছিয়ে রাখতে চান।’
 
উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যে বিশ্বব্যাংক আমাদের পিছনে লেগে আছে, ওই বিশ্ব ব্যাংকই এখন বলছেন, এরই মধ্যে বাংলাদেশ নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে।’
এ সময় তিনি চান্দিনা পৌরসভাকে ‘ খ’শ্রেণী থেকে ‘ক’শ্রেণীতে উন্নীত করাসহ আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন দাবি বাস্তবায়নের ঘোষনা দেন।
 
অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ও চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী বিশেষ অতিথির বক্তৃতা করেন ।
 
চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় এফবিসিসিআই পরিচালক মুনতাকিম আশরাফ টিটু, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব ড. প্রশান্ত কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জি. মো. ওয়ালি উল্লাহ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইলিয়াস মোরশেদ, কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আজিজুর রহমান, জেলা দায়রা জজ নূরুল ইসলাম, আরটিআইপি-২ প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী প্রমুখউপস্থিত ছিলেন ।
 
উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ও পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ।
এর আগে, মন্ত্রী কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে পৌঁছলে সেখানে গার্ড-অব-অনার প্রদান করেন প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও জেলা পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন, কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম খান।