‘নৈতিকতা-গণতন্ত্রের স্বার্থে দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিৎ’

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৮:২৯
দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের পদত্যাগ চেয়েছে বিএনপি। আদালত অবমাননার অভিযোগে এই দুই মন্ত্রীকে দণ্ডিত করে সর্বোচ্চ আদালতের রায়কে ‘ঐতিহাসিক’ বলেও অভিহিত করেছে দলটি। 
 
আপিল বিভাগ রবিবার দুই মন্ত্রীকে অর্থদণ্ডে দণ্ডিত করার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মনে করি, এই রায়ের পরে দুই মন্ত্রী মহোদয়ের মন্ত্রণালয়ে থাকা বা সরকারে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। নৈতিকতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তাদের পদত্যাগ করা উচিৎ। 
 
সর্বোচ্চ আদালতের এই রায়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে এই রায় নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
 
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলের রায় সামনে রেখে এক আলোচনা সভায় প্রধান বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলে তাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মামলার পুনঃশুনানি দাবি করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। একই সভায় প্রধান বিচারপতির আদালতে শুনানিতে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক।
 
এ ঘটনায় আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করলেও আদালত নামঞ্জুর করে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন, অনাদায়ে এক সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়।